চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় মাসে ১০টি চুরির ঘটনা ঘটেছে। রানওয়ের আলো, ট্রান্সফরমার, ভূগর্ভস্থ বৈদ্যুতিক তারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির এসব ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী ১ নভেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) চার সদস্যের একটি দল বিমানবন্দরটির নিরাপত্তাব্যবস্থা নিরীক্ষা করতে আসার কথা রয়েছে।
গত ২০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিলেও তাঁর অবতরণের প্রায় ১৬ ঘণ্টা আগে বিমানবন্দর এলাকায় চুরির ঘটনা ঘটে।
চোরচক্র মাটির প্রায় তিন ফুট গভীরে স্থাপন করা ৫০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে যায়। ঘটনার ছয় দিন পরও এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বিমানবন্দরের প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, পরিধিবেষ্টিত এলাকার নিরাপত্তা ও টহলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিমানবন্দর সূত্র জানায়, সর্বশেষ ১৯ অক্টোবর দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বিমানবন্দরের আবাসিক এলাকার প্রধান প্রবেশপথ জাপানি গেট থেকে ভেরি হাই-ফ্রিকোয়েন্সি ওমনি-ডিরেকশনাল রেঞ্জ (ভিওআর) নেভিগেশন স্থাপনার দিকে যাওয়ার সড়ক থেকে ৫০০ মিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার চুরি হয়। ওই দিনই বিমানবন্দর এলাকার ৬১টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সরবরাহের জন্য নতুন ক্যাবল স্থাপনের কাজ শেষ হয়েছিল। চুরি হওয়া তারটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
এর আগে গত আগস্ট থেকে রানওয়ের আলো, ট্রান্সফরমার, ভূগর্ভস্থ তার ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জাম চুরির একাধিক ঘটনা ঘটে। এসব সরঞ্জামের কিছু অংশ রানওয়ের অ্যাপ্রোচ লাইটিং ব্যবস্থার সঙ্গে যুক্ত।
গত ২১ আগস্ট রানওয়ের ০৫ প্রান্ত থেকে একটি ট্রান্সফরমার, প্রাইমারি ও সেকেন্ডারি ক্যাবল কিটসহ ভূগর্ভস্থ তার, রানওয়ের বাতি, লাইট বেস ও লুপিং ক্যাবল চুরি হয়। ২ সেপ্টেম্বর কার্গো গুদামের পশ্চিম সীমানা থেকে রানওয়ের ০৫ প্রান্তের দিকে প্রায় আধাকিলোমিটার নিরাপত্তাবাতির তার নিয়ে যায় চোরেরা। এতে ওই এলাকার প্রায় এক কিলোমিটার অংশ অন্ধকারে নিমজ্জিত হয়। একই রাতে ভিওআর নেভিগেশন এলাকাতেও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটে।
৮ সেপ্টেম্বর রানওয়ের ২৩ প্রান্ত থেকে অ্যাপ্রোচ লাইটের দুটি ট্রান্সফরমার এবং প্রাইমারি ও সেকেন্ডারি ক্যাবল কিট চুরি হয়। ১০ সেপ্টেম্বর একই এলাকা থেকে আরও তিনটি ট্রান্সফরমার ও সংশ্লিষ্ট তার নিয়ে যায় চোরেরা। ১৩ সেপ্টেম্বর বোট ক্লাবের কাছে ছয়টি ট্রান্সফরমার ও অ্যাপ্রোচ লাইটের বিভিন্ন ক্যাবল কিট চুরি হয়। এরপর ২৮ সেপ্টেম্বর একই এলাকা থেকে পাঁচটি ট্রান্সফরমার ও তার এবং ৬ অক্টোবর আরও পাঁচটি ট্রান্সফরমার ও সংশ্লিষ্ট তার চুরি হয়। ১০ অক্টোবর রাতে ২৩ প্রান্ত থেকে আরও তিনটি ট্রান্সফরমার ও তার নিয়ে যায় চোরেরা।
সম্প্রতি ভিওআর এলাকা থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরির সময় মালামালসহ চোরচক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে পুরোনো একটি মামলায় তাঁকে চালান দেওয়া হয়।
শাহ আমানত বিমানবন্দর দেশের ‘ক’ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত। বিমানবন্দরটির নিরাপত্তায় চারটি ইউনিট কাজ করে। এগুলো হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিমান বাহিনীর টাস্কফোর্স ও আনসার। এসব ইউনিটের কার্যক্রম সমন্বয় করে বেবিচকের নিরাপত্তা শাখা। সেখানে সাতজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
তাঁদের মধ্যে তারেক জিয়াউদ্দীন সজিব, বাদশা ফয়সাল, পলাশ সাহা ও রাশেদুল ইসলাম উল্লেখযোগ্য। তাঁরা ২০২৩ সালে নিয়োগ পান। তাঁদের মধ্যে তারেক জিয়াউদ্দীন সজিব প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। আসন্ন আইকাও নিরাপত্তা অডিটে চট্টগ্রাম বিমানবন্দরের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বাদশা ফয়সাল।
অভিযোগ রয়েছে, চার কর্মকর্তা একই ব্যাচের হওয়ায় তাঁদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও চেইন অব কমান্ডের ঘাটতি রয়েছে। অন্য তিন কর্মকর্তা চলতি বছরের শুরুতে নিয়োগ পান। নিরাপত্তা শাখার সাত কর্মকর্তার কেউই এখন পর্যন্ত শিক্ষানবিশ পর্যায় অতিক্রম করতে পারেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অভিজ্ঞতার অভাব ও কমান্ড কাঠামোর দুর্বলতার কারণে একের পর এক চুরির ঘটনার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, ‘বিমানবন্দর এলাকায় নির্দিষ্ট ব্যক্তিরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। অন্য কেউ গ্রহণযোগ্য নয়। আমাদের জানানো হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তাছাড়া বিমানবন্দর এলাকায় চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শাহ আমানত বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, আইকাও অডিটে কাগজে-কলমে থাকা প্রটোকলের চেয়ে মাঠপর্যায়ে তার বাস্তব প্রয়োগ বেশি গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের স্পর্শকাতর এলাকা থেকে বারবার গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এ কারণে অডিট কর্মকর্তাদের মুখোমুখি হতে হবে বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মকর্তাদের।
বেবিচক সূত্র জানায়, আগামী ১ নভেম্বর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার সদস্যের আইকাও অডিট দল কার্যক্রম শুরু করবে। দলটিতে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ। ৪ নভেম্বর অডিট শেষে তাঁদের বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন যুগান্তরকে বলেন, আইকাও অডিট সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। হেডকোয়ার্টার থেকে প্রি-অডিটে দেওয়া পয়েন্টগুলো ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তাঁর ভাষ্য, চুরির ঘটনাগুলো এয়ারসাইটের বাইরের হওয়ায় সেগুলো নিয়ে অডিট দলের আপত্তি হওয়ার কথা নয়। তবে চুরির ঘটনার পর এয়ারসাইটের আশপাশের ঘাস ও ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।