নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর দিকে অভিযোগের তির উঠেছে। একই সঙ্গে এমপির দুই ছেলে মিন্টু ও মাহমুদুজ্জামান সোহাগের মধ্যে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের অভিযোগ সামনে এসেছে।
যুগান্তরের অনুসন্ধান অনুযায়ী, একসময় শাকিল ছিলেন মিন্টুর রাজনৈতিক অনুসারী। তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর তিনি মিন্টুর ছোট ভাই সোহাগের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। স্থানীয়দের অভিযোগ, শাকিলের সহযোগিতায় সোহাগের এলাকায় প্রভাব বাড়তে থাকে। অন্যদিকে, মিন্টুর একটি ইয়াবার চালান আটকে দেওয়ার অভিযোগও রয়েছে শাকিলের বিরুদ্ধে। এসব ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ আরও বাড়ে বলে স্থানীয় সূত্রের দাবি।
নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এমপি আব্দুল আজিজের দুই ছেলে এবং এক ভাগিনাকে ঘিরে বড়াইগ্রাম ও গুরুদাসপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখল, পুকুর খনন ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের নানা অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও রয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, কয়েক মাস ধরে দুই উপজেলার প্রশাসন, থানা, মাদক কারবার ও বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে মিন্টু ও সোহাগের বিরোধ চরমে ওঠে। গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল সোহাগের প্রধান সহযোগী হয়ে ওঠার পর তাঁর প্রভাব বাড়তে থাকে। স্থানীয়দের ধারণা, শাকিলকে সরিয়ে দিলে সোহাগের রাজনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হবে এমন হিসাব থেকেই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো পাওয়া যায়নি।
গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিন্টুকে ইঙ্গিত করে শাকিল লিখেছিলেন, ‘আমি জীবন নিয়ে খুবই সংশয়ের মধ্যে আছি। আমাকে মারার জন্য এক বড় ভাই বিভিন্ন চক্র ও গ্রুপের সঙ্গে যোগাযেগ করছেন।’ গত ১৪ অক্টোবর বাড়ির পাশেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০ অক্টোবর রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর মৃত্যু হয়।
মিন্টুর বিরুদ্ধে মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগ
নুরুজ্জামান মিন্টু গুরুদাসপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং নিজস্ব বাহিনী গড়ে তোলেন। ওই বাহিনীর কাছে বিপুল আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা।
অনুসন্ধানে বলা হয়েছে, গত দুই বছরে রাজশাহী অঞ্চলে ইয়াবার বড় কারবারি হিসেবে পরিচিতি পেয়েছেন মিন্টু। স্থানীয়দের কেউ কেউ তাঁকে টেকনাফের সাবেক সংসদ সদস্য বদিকে উপমা দিয়ে ‘বদি’ বলেও উল্লেখ করেন। গুরুদাসপুরের অর্ধশতাধিক মাদক পয়েন্ট থেকে তিনি মাসোহারা নেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া প্রশাসন ও থানা-সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করে পুকুর খননের মাটি বিক্রির মাধ্যমে মিন্টু অল্প সময়ে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত তিন মৌসুমে তাঁর নিয়ন্ত্রণে অন্তত শতাধিক পুকুর খনন করা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। অভিযোগ অনুযায়ী, পুকুর খননকারীদের সঙ্গে চুক্তি করে উত্তোলিত মাটি বিক্রির পুরো টাকা তিনি নিতেন। এতে রাজি না হলে নির্যাতনের শিকার হতে হতো।
গুরুদাসপুরের ধারাবাড়িষা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফাতুল্লাহ সরকার বলেন, ‘আমি ১২ বিঘার একটি পুকুর চার মাস আগে সংস্কার করেছি। পুকুরের সব মাটি বিক্রির টাকা দাবি করেন মিন্টু। তিনি জোরপূর্বক মাটি বিক্রির ৫০ লাখ টাকা ছিনিয়ে নেন।’
বিষয়টি এমপি আজিজকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এ ছাড়া সারের ডিলার নিয়োগ নিয়ে মিন্টু কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং নিজেও সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। বড়াইগ্রামে একটি খ্রিষ্টান পরিবারের জমি দখল, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ, ডিলারদের সঙ্গে চুক্তি এবং দলিল লেখক ও ব্যবসায়ী সমিতি থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বড়াইগ্রামে এক কোটি ৮০ লাখ টাকা দিয়ে জমি কেনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রশাসন ও টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ সোহাগের বিরুদ্ধে
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ এবং ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁরও নিজস্ব বাহিনী রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন। শাকিল জীবিত থাকা অবস্থায় সোহাগের হয়ে এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ।
বর্তমানে উপজেলা যুবদলের সদস্য ইসরাফিল শেখ, পৌর যুবদলের সদস্য সেলিম আহমেদ এবং রকি নামে এক ব্যবসায়ী সোহাগের সশস্ত্র গ্রুপ নিয়ন্ত্রণ করছেন বলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য। তাঁদের দাবি, গুরুদাসপুর পৌর সদরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে সোহাগ ইতোমধ্যে এক বিঘার বেশি জমি কিনেছেন।
বড়াইগ্রামে এমপির ভাগিনার প্রভাবের অভিযোগ
নাটোর-৪ আসনের অন্তর্ভুক্ত বড়াইগ্রামে এমপি আজিজের ভাগিনা সাদিকুর রহমান সুমনের বিরুদ্ধে মামার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অপরাধ সাম্রাজ্য দেখভালের অভিযোগ উঠেছে। সুমন বড়াইগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি আগে এ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের অনুসারী ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুমন। তিনি বলেন, ‘আমাদের পারিবারিক সম্পর্ক। তবে আমি কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নই। শাকিল মারা যাওয়ার পর থেকে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’
দুই ভাইয়ের বিরোধ নিয়ে নানা ঘটনা
এমপি আজিজের বড় ছেলে মিন্টুর সঙ্গে তাঁর বাবার মানসিক দূরত্ব তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছয় মাস আগে এমপি আজিজ ছোট ছেলে সোহাগকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করবেন বলে নেতাকর্মীদের সামনে জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। বিষয়টি মিন্টু মেনে নিতে পারেননি। এরপর থেকে তিনি ভাড়া বাসায় থাকতে শুরু করেন এবং বাবার বিরুদ্ধে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলতে থাকেন।
সম্প্রতি একটি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, এ সময় তাঁরা একে অপরকে রিভলবার দেখান। বিষয়টি নিয়ে এমপি আজিজ মিন্টুর ওপর ক্ষুব্ধ হন।
তবে দুই ভাইয়ের মধ্যে বিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন সোহাগ। তিনি বলেন, ‘বড় ভাই মিন্টুর সঙ্গে আমার দ্বন্দ্ব নেই। তার সঙ্গে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হওয়ার ঘটনা ভিত্তিহীন। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের পরিবারের কেউ সম্পৃক্ত নয়। আমরা সম্পদ কিনিনি। নিজস্ব বাহিনী নেই। এগুলো সব অপপ্রচার। আমার পরিবারের সদস্যদের সঙ্গে শাকিলের দীর্ঘ সম্পর্ক।’
ওসি হান্নানের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
গুরুদাসপুর থানা থেকে সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে ওসি আব্দুল হান্নানকে। তাঁর সঙ্গে মিন্টুর পারিবারিক সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, মিন্টুর স্ত্রীকে ‘ধর্মবোন’ বানিয়ে এলাকায় নিজের অবস্থান পোক্ত করেছিলেন ওসি হান্নান। মাদক কারবার ও চাঁদাবাজিসহ মিন্টুর বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সহায়তা করতেন বলেও অভিযোগ উঠেছে।
গত ২০ এপ্রিল প্রাণনাশের আশঙ্কা জানিয়ে শাকিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে অভিযোগ রয়েছে, ওসি হান্নান সেই জিডি গায়েব করে দেন। ১৪ অক্টোবর হামলার শিকার হওয়ার পর শাকিল তিন দিন জ্ঞান থাকলেও তাঁর জবানবন্দি নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
প্রতিবাদ করায় দুই যুবদল কর্মীর ওপর হামলা
শাকিলের ওপর হামলার প্রতিবাদ করায় ১৫ অক্টোবর শাব্বির আহমেদ নামে এক যুবদলকর্মীকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া ১৮ অক্টোবর শাহ আলম নামের আরেক যুবদলকর্মী হামলার শিকার হন। এসব ঘটনায় মিন্টু ও তাঁর বাহিনী জড়িত বলে অভিযোগ উঠেছে।
শাকিলের মৃত্যুর পর এমপিকে ঘিরে ক্ষোভ
২০ অক্টোবর রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শাকিলের মৃত্যু হয়। পরে সেখানে যান এমপি আব্দুল আজিজ। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে অবরুদ্ধ করেন এবং শাকিল হত্যায় তাঁর ছেলে মিন্টু জড়িত বলে অভিযোগ তোলেন।
একপর্যায়ে এমপি আজিজ ওসি হান্নানকে ফোন করে মিন্টুকে আটকের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে রাত ১২টার দিকে পুলিশের একটি দল মিন্টুকে তাঁর ভাড়া বাসা থেকে আটক করে। পরদিন দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি হান্নানকে প্রত্যাহার করা হয়। পরে শাকিল হত্যা মামলাটি গুরুদাসপুর থানা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসি হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
দ্রুত দাফন ও এজাহার নিয়ে প্রশ্ন
শাকিলের মরদেহ গুরুদাসপুর উপজেলা সদরের কাছারিপাড়া এলাকার বাড়িতে মঙ্গলবার রাত ১০টার দিকে পৌঁছায়। সেখানে মাত্র আধা ঘণ্টা মরদেহ রাখা হয়। এরপর শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় এমপি আজিজ শাকিলের বাবা রবিউল করিমকে ২০ লাখ টাকা দিতে চাইলে উপস্থিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর এমপি আজিজ দাফনে অংশ নেননি। উপস্থিত নেতাকর্মীরা তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। জনরোষ এড়াতে এমপি আজিজ দ্রুত দাফনের ব্যবস্থা করেন বলেও অভিযোগ উঠেছে।
শাকিল হত্যার ঘটনায় তাঁর বাবা রবিউল করিম থানায় হত্যা মামলা করেছেন। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। এমপি আজিজ ও তাঁর ঘনিষ্ঠদের পরামর্শে এজাহার তৈরি করা হয়েছে এমন অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যা বললেন এমপি আজিজ
দুই ছেলের মধ্যে বিরোধের অভিযোগ অস্বীকার করেছেন এমপি আব্দুল আজিজ। তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান পদে আমি ছোট ছেলে সোহাগের নাম ঘোষণা করিনি। তাদের মধ্যে হয়তো সুপ্ত আকাঙ্ক্ষা থাকতে পারে। দুই ছেলের কোনো বাহিনী নেই। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন। এছাড়া আমার ভাগিনা সুমনকে বাগাতিপাড়া উপজেলায় কোনো ধরনের দায়িত্ব দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘শাকিল মারা যাওয়ার পর আমি হাসপাতালে অবরুদ্ধ হইনি। মিন্টুকে আটকের জন্য ওসিকে বলিনি। মামলার এজাহারে হস্তক্ষেপ করার অভিযোগ ভিত্তিহীন।’
পুলিশের বক্তব্য
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।’
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ আরও দুজনকে আটক করেছে। তাঁরা হলেন ধারাবষিয়া গ্রামের আলামিন হোসেন এবং খামারনাচকৈড় গ্রামের ব্যবসায়ী আনিসুর রহমান।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।