ফেনীর রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মদানকারী যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্টের অবসান হতে চলেছে। মানবিক সহায়তার অংশ হিসেবে শহীদ হারুনের পরিবারের জন্য একটি নতুন বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এই গৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’ নামক সংগঠনের প্রতিনিধিদলের উপস্থিতিতে এই আবেগঘন কর্মসূচি সম্পন্ন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে একটি মিছিল চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান ত্যাগী নেতা হারুনুর রশিদ। তার অকাল প্রয়াণের পর পরিবারটি চরম আর্থিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিল। এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং শহীদ পরিবারের প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরামর্শে এই বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির সার্বিক পরিকল্পনায় ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
রোববার সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নির্মাণ কাজের শুভ সূচনা করেন। এ সময় সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে নেতৃবৃন্দ শহীদ হারুনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর সহমর্মিতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেন।
অনুষ্ঠানে আবুল কাশেম তার বক্তব্যে বলেন, "গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলবে না। শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই নিপীড়িত এবং ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর রাখছেন এবং সেই দায়িত্ববোধ থেকেই আজ আমরা ফেনীতে এই বাড়ি নির্মাণের কাজ শুরু করেছি।"
উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগে ২০১৭ সালেও শহীদ হারুনের বড় মেয়ের বিয়ের যাবতীয় ব্যয়ভার এককভাবে বহন করেছিলেন তারেক রহমান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পরিবারটির প্রতি তার এই ধারাবাহিক সমর্থন রাজনৈতিক মহলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ। স্থানীয় নেতাদের মধ্যে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে অংশ নেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া