লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে আনন্দ পরিবহনের একটি বাস চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি চন্দ্রগঞ্জের চরচামিতা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সড়কের একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।

পরে স্থানীয়রা আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।