রায়পুরে দুই শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধারে পুলিশের চেষ্টা

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী আরাফাত সায়েম (১৪) ও মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর পৃথকভাবে নিখোঁজ হয় তারা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক ও স্বজনরা।

নিখোঁজ আরাফাত সায়েম রায়পুরের কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে, মো. ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার বাসিন্দা প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। মিনহাজও ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে সায়েম ও মিনহাজ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর দিনভর তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজ শুরু করেন। প্রথমে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সঙ্গে সন্তানদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর সারাদিন তারা আর ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় পৃথক জিডি করা হয়েছে।

তারা আরও বলেন, দুই শিক্ষার্থীকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা প্রয়োজন। কেউ তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিন দিন পার হলেও দুই শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।