রাজশাহীতে আলুর দরপতন, পুঁজি হারিয়ে দিশেহারা চাষি-ব্যবসায়ীরা

রাজশাহীতে আলুর বাজারে ধস নামায় চরম বিপাকে পড়েছেন চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগাম জাতের আলু উঠতে আর মাসখানেক বাকি থাকলেও জেলার হিমাগারগুলোতে এখনো আগের মৌসুমের বিপুল পরিমাণ আলু অবিক্রীত পড়ে রয়েছে। এর মধ্যে হিমাগার খালি করার সময়সীমাও ঘনিয়ে আসছে। ফলে উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে আলু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।

বর্তমানে রাজশাহীর পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম ১২ থেকে ১৪ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। অথচ উৎপাদন ও হিমাগারে সংরক্ষণের খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর পেছনে ব্যয় হয়েছে ২২ থেকে ২৫ টাকা। ফলে প্রতি কেজিতে গড়ে প্রায় ১১ টাকা লোকসান হচ্ছে। বাজারে চাহিদা ও দাম কম থাকায় অনেক চাষি ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু তুলছেন না।

রাজশাহী হিমাগার মালিক সমিতি সূত্রে জানা গেছে, জেলার ৩৬টি হিমাগারে ৮০ লাখ বস্তায় প্রায় সাড়ে ৬ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে প্রায় অর্ধেক আলু ইতোমধ্যে হিমাগার থেকে বের করা হয়েছে। অবশিষ্ট আলুর তিন ভাগের এক ভাগ বীজ হিসেবে ব্যবহৃত হবে। সে হিসাবে এখনো প্রায় ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত রয়েছে।

এদিকে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আগাম জাতের নতুন আলু বাজারে আসতে শুরু করবে। তখন পুরোনো আলু বিক্রি করা আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মোহনপুর উপজেলার বসন্তকেদার গ্রামের আলুচাষি শেখ মবিনুর রহমান জানান, তিনি পবা উপজেলার উত্তরা স্টোরে ২৫০ বস্তা আলু সংরক্ষণ করেছিলেন। উৎপাদন থেকে শুরু করে হিমাগারে নেওয়া পর্যন্ত প্রতি কেজিতে তাঁর খরচ হয়েছে ২২ থেকে ২৫ টাকা। অথচ বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়। এতে গড়ে কেজিতে প্রায় ১১ টাকা লোকসান হচ্ছে। এই দামে আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

নিজের দুরবস্থার কথা তুলে ধরে শেখ মবিনুর রহমান বলেন, তাঁর মতো হাজারো আলুচাষি একই ধরনের সংকটে পড়েছেন। হিমাগার থেকে আলু বের করলেও লোকসান, আবার সেখানে রেখে দিলেও বিপদ। নির্ধারিত সময়ে আলু না তুললে হিমাগার মালিকেরা নিলামে বিক্রি করে ভাড়ার টাকা আদায় করতে পারেন।

রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত হিমাগারে আলু রাখার নিয়ম রয়েছে। তবে বাজার পরিস্থিতি ও চাষিদের দুরবস্থার কথা বিবেচনা করে আরও কিছুদিন সময় দেওয়া হতে পারে। তারপরও ডিসেম্বরের মধ্যে হিমাগার খালি করতে হবে। গত বছর আলু খালাসের জন্য মাইকিং করা হয়েছিল। এবারও পরিস্থিতি অনুযায়ী নোটিশ দেওয়ার পর মাইকিং করা হতে পারে।

রাজশাহীর বায়া এলাকার আলু ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, হিমাগার থেকে আলু তোলার জন্য বড়জোর আর এক মাস সময় পাওয়া যাবে। কিন্তু এত অল্প সময়ে বিপুল পরিমাণ আলু কোথায় ও কীভাবে বিক্রি করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। তাঁর ভাষ্য, সংরক্ষণ করা আলুর প্রায় ৬০ শতাংশ এখনো হিমাগারে রয়েছে। এসব আলু খালাস করে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারের ভাড়াও ওঠানো যাচ্ছে না।

বায়ার আসমা হিমাগারের ব্যবস্থাপক আলী আশরাফ হোসেন জানান, নোটিশ দেওয়ার পরও চাষিরা আলু তুলছেন না। ৩০ ডিসেম্বরের পর আর হিমাগারে আলু রাখা সম্ভব হবে না। নির্ধারিত সময়ের মধ্যে চাষিরা আলু না তুললে নিলামের মাধ্যমে বিক্রি করে ভাড়ার টাকা আদায় করা হবে।

এদিকে আলুর বর্তমান বাজার পরিস্থিতিতে চাষি ও ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, গত দুই মৌসুম ধরেই রাজশাহীর আলুচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে রয়েছেন। এবারও চাষিরা বড় ধরনের লোকসানে পড়েছেন। আলু কিনে সংরক্ষণ করা ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতির শিকার হচ্ছেন।

ইফতেখারুল ইসলামের মতে, বর্তমান দামে আলু বিক্রি করে কোনোভাবেই উৎপাদন ও সংরক্ষণের খরচ তোলা সম্ভব নয়। এ অবস্থায় রাজশাহীর হাজারো চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছেন। অনেকে ভবিষ্যতে আর আলু চাষ না করার কথাও ভাবছেন। তাঁর অভিযোগ, সরকার বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোগ নিলেও আলুচাষিদের এই দুর্দশা লাঘবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।