মাকে হত্যা, বাবাকে ছুরিকাঘাত করে পালাল ছেলে

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর অবসরপ্রাপ্ত প্রকৌশলী স্বামী সরদার আলী (৬৫)। বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম সুমন (৩৫) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মাদকাসক্ত। তাঁকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তাঁর বাবা-মা। তবে প্রতিবারই তিনি সেখান থেকে পালিয়ে আসেন। তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন বাবা-মা। এ নিয়ে তাঁদের সঙ্গে সুমনের মনোমালিন্য চলছিল।

বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাঁদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে সুমন ঘর থেকে বের হয়ে ছুরি দিয়ে তাঁর মায়ের বুকে আঘাত করেন। এ সময় বাবা এগিয়ে এলে তাঁর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

হাসপাতালে নেওয়ার পর মায়ের মৃত্যু

বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত মুনিরা বেগম ও সরদার আলীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সরদার আলীর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও খলিলগঞ্জের কারিগরি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তাঁর কারণে কলেজশিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মায়েরই তাঁর হাতে মৃত্যু হয়েছে। বাবার অবস্থাও আশঙ্কাজনক।

মাদক সহজলভ্য হয়ে পড়া এবং তরুণদের মধ্যে আসক্তি বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে আব্দুল কাদের বলেন, আজকের ঘটনা মাদকের কারণেই ঘটেছে। এ পরিস্থিতিতে সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।