ঢাকাঃ বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনাইটেড ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু। গত ১০ই মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিজিবিএ-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেবিএল ফ্যাশনসের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু দীর্ঘদিন ধরে বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর মেধা, শ্রম ও সুযোগ্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিজিবিএ-এর পক্ষ থেকে তাঁকে এই সম্মানজনক পদে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, বিজিবিএ বাংলাদেশের তৈরি পোশাক খাতের একটি অন্যতম শীর্ষ সংগঠন। এটি মূলত দেশে বাইং হাউসগুলোর স্বার্থ রক্ষা, বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রচার এবং রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু বলেন, "আমাকে বিজিবিএ-এর উপদেষ্টা হিসেবে মনোনীত করায় আমি সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার মেধা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিজিবিএ-এর উত্তরোত্তর সাফল্যের জন্য কাজ করে যাব। প্রতিটি সদস্যের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশের গার্মেন্টস বাইং হাউস সেক্টরকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই হবে আমার মূল লক্ষ্য।" তিনি সংগঠনের উন্নয়নে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
বিজিবিএ-এর সভাপতি মো: আব্দুল হামিদ এক আনুষ্ঠানিক পত্রে মফিজ উল্লাহ বাবলুকে এই নতুন দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনা সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে।
ডেস্ক রিপোর্ট
দেশ মিডিয়া