সিলেটে ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে বিরোধের জেরে রাসেল আহমদ শাহ নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ এরশাদুল ইসলাম ভূঁইয়া। গ্রেপ্তার দুজন হলেন সিলাম শেখপাড়ার আব্দুল মুকিত মকুর ছেলে ইয়াসির আহমেদ ফাহিম ও আচার মিয়ার ছেলে আব্দুস সামাদ।
ওসি এরশাদুল ইসলাম ভূঁইয়া জানান, রাসেল আহমদ শাহ হত্যা মামলায় সুনামগঞ্জ থেকে এসআরবি দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর সিলেটের দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের দেওয়া পোস্ট এবং সেখানে অন্যজনের করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সূত্রপাত হয়।
শুক্রবার বিকেলে এ বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল আহমদ শাহ ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়নাতদন্ত শেষে গত শনিবার রাসেলের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।