ফরিদপুরে রডবোঝাই ট্রাকের সঙ্গে গোল্ডেন পরিবহনের একটি বাসের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের যাত্রী, চালক ও সহকারী রয়েছেন। দুর্ঘটনায় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তাঁর একটি পা কেটে তাঁকে উদ্ধার করা হয়।
জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তাঁর একটি পা কেটে তাঁকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।