নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে দুইটি মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারে করে ১০ থেকে ১৫ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে।
প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ১০০ থেকে ১৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। ঘটনার পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন দোকানপাট বন্ধ করে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে, এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে অভিযুক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার পরপরই নাশকতাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।