ধনীরা বিদেশে, গরিবের নিয়তি হাসপাতালের মেঝেতে: ক্যানসার চিকিৎসায় মহাখালীতে রাতভর আহাজারি ও চরম সংকটের করুণ চিত্র

মধ্যবিত্তের একাংশ দেশের বেসরকারি হাসপাতালে, আরেকাংশ বিদেশে যায়। যেমন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন আরার স্তন ক্যানসার ধরা পড়ে ২০২৪ সালে। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি হাসপাতালে ভোগান্তির কথা চিন্তা করে বাংলাদেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। তিনি আরও বলেন, ২১ অক্টোবর তাঁর বড় ভাই লিভার ক্যানসারে মারা গেছেন। ভারত ও বাংলাদেশ মিলে ভাইয়ের চিকিৎসায় খরচ হয়েছে ১৮ লাখ টাকা।

ইয়াসমিন আরা ক্যানসার রোগীদের নিয়ে কাজ করা বাংলাদেশ রোগী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্যানসার ইনস্টিটিউটের সামনে রেডিওথেরাপির যন্ত্রের সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত ২১ জুন একটি মানববন্ধনের আয়োজন করেন।

ইয়াসমিন আরা বলেন, ১৫টি রেডিওথেরাপি বেসরকারি হাসপাতাল থেকে নিতে তাঁর লেগেছে ২ লাখ ১৫ হাজার টাকা। সরকারি হাসপাতালে এই খরচ অনেক কম। কিন্তু ক্যানসার নিয়ে তো শুধু সিরিয়ালের জন্য বসে থাকার উপায় নেই।

অন্যদিকে ইসমত আরার পরিবারের সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাওয়ার সামর্থ্য ছিল না, যাঁর কথা আমরা প্রতিবেদনের শুরুতে বলেছি। ১০ নভেম্বর এই প্রতিবেদন শেষ করার সময় আমরা ফোন করলাম ইসমত আরার বোনের ছেলে ফারুকের মুঠোফোনে। তিনি বলেন, ১৫ অক্টোবর রাত ৯টায় ইসমত আরা মারা গেছেন। ওই দিন ভোরে আমরা তাঁকে জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের মেঝেতে কাতরাতে দেখেছিলাম।

ফারুক আক্ষেপ করে বলেন, ‘হাসপাতালে খালারে নিয়া খালি টানাহেঁচড়াই করলাম, ভর্তি করাতে পারলাম না। এর মধ্যে খালা মইরাই গেল।’