তুরাগে নিখোঁজ ২ শিশু, উদ্ধার অভিযান

টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর এখনো সন্ধান মেলেনি। বুধবার সন্ধ্যায় নদে নামার পর তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ দুই শিশু হলো টঙ্গীর বউ পূর্ব আরিচপুর এলাকার শাহজাহাবের ছেলে আবির হোসেন ইউনুস (১০) এবং নিরব (৯)। নিরবের বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় শিশু দুটি। একপর্যায়ে তারা নিখোঁজ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে নদে উদ্ধার অভিযান শুরু করে। পরে মধ্যরাতে অভিযান সাময়িকভাবে শেষ করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বেলা পৌনে ১১টার দিকে জানান, এখনো শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। তবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।