ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোট দিতে গিয়ে আটক ৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজনই স্থানীয় দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, তিনজনকে ভুয়া ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে তাদের একটি কক্ষে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সদর, রুহিয়া ও ভুল্লী এই তিন উপজেলায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তারা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক দলের প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক)।

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।