ঘুষ না দিলে দলিলে ত্রুটি, অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, ঘুষ দিতে রাজি না হলে দলিলে বিভিন্ন ত্রুটি দেখিয়ে তা ফেরত দেওয়া হয়। অন্যদিকে, নির্ধারিত ঘুষ দিলে দলিল দ্রুত গ্রহণ ও সম্পাদনের সুযোগ দেওয়া হচ্ছে।

সাবরেজিস্ট্রার হিসেবে সিরাজুল ইসলাম যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে এসব অভিযোগ উঠছে বলে দাবি সংশ্লিষ্টদের। কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষ্য, সপ্তাহে তিন দিনের বেশি তাকে অফিসে পাওয়া যায় না। এতে দলিল সম্পাদনসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষের ভোগান্তি বাড়ছে।

অভিযোগ রয়েছে, দ্বিগুণ উৎকোচের বিনিময়ে জাল কাগজপত্র ব্যবহার করেও দলিল সম্পাদনের সুযোগ দেওয়া হয়। তবে যারা উৎকোচ দিতে রাজি নন, তাদের দিনের পর দিন বিভিন্ন অজুহাতে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে ঘুষ দিতে বাধ্য হওয়া ব্যক্তিদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

সম্প্রতি সাবরেজিস্ট্রি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, যেসব দাতা-গ্রহীতা দলিলপ্রতি নির্ধারিত উৎকোচ দিচ্ছেন, তাদের দলিলে বিশেষ চিহ্ন দিয়ে এজলাসে দাখিল করা হচ্ছে। আর যারা উৎকোচ দিচ্ছেন না, তাদের কাগজপত্রে বিভিন্ন ত্রুটি দেখিয়ে ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বারাইপুর গ্রামের গ্রহীতা শাহাদাত ও দাতা জয়নাল আবদিনের একটি দলিল নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলামের চাহিদা অনুযায়ী ঘুষ না দেওয়ায় গত বছরের মার্চে ২১১ নম্বর দলিল থেকে দুটি সাব-কবলা দলিল করে দেওয়া হয়। এ ক্ষেত্রে শাহাদাতের কাছ থেকে ৫৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া অভিযোগকারীরা দাবি করেন, ২১১ নম্বর দলিলের বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেও জটিলতা তৈরি করা হয়েছে। ওই ঘটনায় জাল দলিল লেখার অভিযোগে পাঁচজনকে কারাগারে পাঠানোর কথাও বলা হয়েছে।

দীন মোহাম্মদ নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, উৎকোচ না দেওয়ায় কাগজপত্রে ত্রুটি দেখিয়ে গত সপ্তাহে তাদের দলিল ফেরত দেওয়া হয়। সাত দিন হয়রানির পর মঙ্গলবার অফিসের সাইফুল আলমের কাছে ১ হাজার ৩০০ টাকা ঘুষ দেওয়ার পর দলিলটি জমা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

বারাইপুর গ্রামের শাহাদাতের অভিযোগ, সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলাম যোগদানের পর থেকে সাব-কবলা দলিলপ্রতি ১ হাজার ৩০০ টাকা এবং হেবার ঘোষণা দলিলপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রকাশ্যে ঘুষ নেওয়া হচ্ছে। কাগজপত্রে ত্রুটি থাকলে আরও ৬০০ টাকা দিতে হয় বলেও অভিযোগ করেন তিনি।

শাহাদাত আরও অভিযোগ করেন, ঘুষ দিতে অস্বীকৃতি জানানো কয়েকজন দলিল লেখককে অপমান করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। অফিস সহকারী মোল্লার মাধ্যমে ঘুষের টাকা নেওয়া হয় বলেও অভিযোগ তার।

এ বিষয়ে দলিল লেখক সমিতির সম্পাদক বলেন, ২৪ হাজার টাকা পর্যন্ত দলিলের ক্ষেত্রে পে-অর্ডার বাদে ২ শতাংশ টাকা হাতে নেওয়ার নিয়ম রয়েছে। এর বাইরে নগদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। তবে কর্মকর্তাদের কাছে তারা জিম্মি হয়ে আছেন এবং অভিযোগ করলে দলিল লেখকদের অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে উপজেলা সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, জেলা রেজিস্ট্রারকে অবগত করেই তিনি অফিসে অনুপস্থিত থাকেন। ঘুষ নেওয়ার অভিযোগও সত্য নয় বলে দাবি করেন তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।