গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতির কারণে আশপাশের একাধিক শিল্পকারখানা আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের প্রেক্ষাপটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করা হয়। এতে শিল্পাঞ্চলজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।