বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে ভুট্টাবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ভোররাতে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেটি অসাবধানতাবশত মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও মাইক্রোবাস দুটি হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে পুলিশ কাজ করছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।