উত্তরায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

রাজধানীর উত্তরায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাঁরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের এই আন্দোলন টানা তৃতীয় দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও তাঁদের অবস্থানের কারণে উত্তরার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ থাকায় উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট ছড়িয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ, যাত্রী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ না করায় তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কার্যকর সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে সড়কে নেমেছেন তাঁরা।

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা অবস্থান করছেন। তাঁরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যাননি। ফলে উত্তরার আজমপুর, রাজলক্ষ্মী ও আশপাশের এলাকায় যান চলাচলে অচলাবস্থা অব্যাহত রয়েছে। এতে ওই পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।