আট পিস্তল নিয়ে যুবকের ‘ডিজিটাল মহড়া’, চট্টগ্রামে আতঙ্ক

এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা আটটি পিস্তল ও একাধিক ম্যাগাজিন। সেসব অস্ত্র প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিচ্ছেন এক যুবক। ২১ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। ভিডিওটির নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো অবৈধ এবং থানা থেকে লুট হওয়া বলে দাবি করা হয়েছে। তবে অস্ত্রগুলোর উৎস স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বুধবার রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা ব্যক্তিকে হৃদয় ওরফে বুলেট নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি রাউজানের নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? প্রস্তুত থাক। নোয়াপাড়ায় তোদের অস্তিত্ব মিটিয়ে ফেলবো।’ এ সময় অস্ত্রের দিকে আঙুল দেখিয়ে তিনি আরও বলেন, ‘টাকা দিয়ে মরণের টিকিট এনেছি। মনে রাখিস। ভালো হয়ে যা সময় থাকতে। চাঁদাবাজি বন্ধ কর। তোদের অবস্থা খুব খারাপ করে দেব বলে দিলাম।’

জেলা পুলিশের এক কর্মকর্তা যুগান্তরকে জানান, ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। হৃদয়কে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এর আগে একবার গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে বেরিয়ে তিনি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।

অস্ত্রের এই ‘ডিজিটাল মহড়া’ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী, প্রবাসী, রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান ও রাঙ্গুনিয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী বাহিনীগুলোর তৎপরতায় অশান্ত হয়ে উঠেছে এ অঞ্চল। হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ কিংবা ফোনে লাখ লাখ টাকা চাঁদা দাবি, টাকা না দিলে হত্যার হুমকি এবং প্রকাশ্যে বাসাবাড়িতে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

গত আড়াই বছরে রাউজান ও রাঙ্গুনিয়ায় প্রায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু রাউজানেই ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।