দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি উপজেলাগুলোতেও আগামী ১৫ অক্টোবরের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পরে তার পোস্টের তথ্যগুলো দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়।
এনসিপির ওই বার্তায় বলা হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠনপ্রক্রিয়া শেষ হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বাদে দেশের ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতেও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
দলটি জানিয়েছে, উপজেলা পর্যায়ের পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় এবং ৩০ নভেম্বরের মধ্যে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এর আগে ২৮ সেপ্টেম্বর এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকেও অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।