সরকারকে হাইকোর্ট না দেখানোর হুঁশিয়ারি মামুনুলের

সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে ‘হাইকোর্ট’ দেখানোর চেষ্টা করা হলে জনগণ রাজপথের জবাব দেবে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, তারা শেখ হাসিনার মতো ‘প্রতাপশালী জালিম স্বৈরাচারী’ হতে পারবে না। শেখ হাসিনাকে তার ভাষায় বিদেশি প্রভুরাও টিকিয়ে রাখতে পারেনি।

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মামুনুল হক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুরের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, রাড্ডা কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের নয়, এর জন্য প্রধানমন্ত্রীকেও দায় নিতে হবে। একই সঙ্গে দলীয় ফোরাম নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার সমাধানে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত এবং সিন্ডিকেট প্রথা বন্ধ করার আহ্বান জানান।

তিনি দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ারও দাবি জানান।

মামুনুল হক বলেন, তারা রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছেন। কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ছয় মিনিটও বিলম্ব না করে ‘গাদ্দারি’ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদ সদস্যের শপথ নেওয়ার পর সরকার গঠন ও মন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এরপর ‘চেয়ারে ভাগ-ভাটোয়ারা’ ও চাঁদাবাজি শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট হয়েছে উল্লেখ করে মামুনুল হক অভিযোগ করেন, একটি ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তার ভাষ্য, সংসদে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই তাদের বিজয় কেড়ে নেওয়া হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক।

এ ছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী এবং নারায়ণগঞ্জ মহানগরীর সহসভাপতি খন্দকার আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

থানা সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, নির্বাহী সদস্য মাওলানা সাকিব সাইফী, নারায়ণগঞ্জ মহানগর যুব মজলিসের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মহানগর ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার সহসভাপতি কারী ওমর ফারুক এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদাউস বিন হেলালসহ অন্য নেতাকর্মীরা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।