দেশকে অস্থির করা এবং নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার উদ্দেশ্যে ‘পতিত দোসররা’ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। তাঁর দাবি, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য অর্থ নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার এবং কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।
এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন ‘শীর্ষ সন্ত্রাসী’ পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।