মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী অভিযানে ইশরাকের উদ্দেশ্য ভালো থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিনি ফাঁদে পড়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’
তিনি বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। মাদকের বিস্তার বন্ধ করার উদ্দেশ্যেই তিনি অভিযান চালিয়েছিলেন বলে তাঁর ধারণা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় পরিস্থিতি তাঁর জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে।
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে তাঁরা শুনেছিলেন। কিন্তু তাঁর মতে, হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই এবং সরকার তাদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত তিন-চার মাসের যেসব তথ্য তুলে ধরা হয়েছিল, সেখানেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ হন, দুঃখ পান বা আঘাত বোধ করেন।
তিনি বলেন, ‘আবার এই কথা বলতে গিয়ে আজকে আমাকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়াই তাঁর উদ্দেশ্য। এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে তাঁরা আহত হন। প্রয়োজনে দুই পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর মতে, পারস্পরিক আলোচনার মাধ্যমে ভুল-বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।