মেধার বদলে সুপারিশের সংস্কৃতি নিয়ে নাসীরুদ্দীনের প্রশ্ন

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, সুপারিশ কিংবা প্রভাবশালী ব্যক্তির ফোনের ওপর নির্ভরতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের কারণে প্রার্থী বাদ পড়া এবং ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, একজন তরুণ বছরের পর বছর পড়াশোনা করে পরীক্ষা দেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরও চাকরিতে যোগ দেওয়ার আগে যদি তাঁকে পরিবারের রাজনৈতিক পরিচয়, স্থানীয়ভাবে কে তাঁর পক্ষে কথা বলবেন কিংবা কোন নেতার কাছে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এসব ভাবতে হয়, তাহলে সমস্যা শুধু একজন চাকরিপ্রার্থীর নয়; পুরো নিয়োগব্যবস্থা নিয়েই প্রশ্ন ওঠে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রসঙ্গে তিনি দাবি করেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ভেরিফিকেশনের কারণে বিভিন্ন জেলার অনেক প্রার্থী বাদ পড়েছেন। তাঁর দাবি, বাদ পড়া প্রার্থীর সংখ্যা অন্তত এক হাজার। সাম্প্রতিক প্রতিবেদনেও প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের পর শত শত প্রার্থী বাদ পড়ার অভিযোগ উঠে এসেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য অনুযায়ী, নিয়োগের শুরুতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের যে শর্ত জানানো হয়েছিল, সেখানে নাশকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণকে অনুপযুক্ততার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর ভাষ্য, কোনো কোনো ক্ষেত্রে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব রয়েছে। সরকারের পক্ষ থেকে এর উদ্দেশ্য দক্ষ ও উপযুক্ত জনবল বাছাই বলা হলেও, পাটওয়ারীর আশঙ্কা এতে রাজনৈতিক প্রভাব, লবিং ও স্বজনপ্রীতির সুযোগ বাড়তে পারে।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গত ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ইটনায় এক জনসভায় ফজলুর রহমান লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁর বক্তব্যের এ অংশ প্রকাশিত হয়েছে।

ফজলুর রহমানের বক্তব্য অনুযায়ী, লিখিত পরীক্ষায় পাস করার পর প্রার্থীরা অ্যাডমিট কার্ড নিয়ে তাঁর কাছে গেলে চাকরির জন্য প্রয়োজনীয় জায়গায় তিনি ফোন করে সহযোগিতা করবেন। একই বক্তব্যে তিনি চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেন না করার আহ্বানও জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, বৈষম্যের বিরুদ্ধে তরুণদের আন্দোলনের পর নিয়োগব্যবস্থায় আবারও দলীয় পরিচয়, সুপারিশ ও নেতার ফোনের সংস্কৃতি ফিরে আসা উচিত নয়। তিনি দাবি করেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে এমন পরিস্থিতি তৈরি হলে এর রাজনৈতিক প্রতিক্রিয়া রাজপথ ও নির্বাচনে দেখা যেতে পারে।

নিয়োগব্যবস্থার সংস্কারকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, জুলাই-পরবর্তী নতুন ব্যবস্থা গড়ার ক্ষেত্রে নিয়োগব্যবস্থার সংস্কার অন্যতম পরীক্ষা। তাঁর মতে, একজন চাকরিপ্রার্থীর সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত তাঁর মেধা ও যোগ্যতা; বাবার রাজনৈতিক পরিচয়, এলাকার প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো সুপারিশের ফোন নয়।

তিনি আরও বলেন, একজন চাকরিপ্রার্থী যেন নিশ্চিন্তে বলতে পারেন তিনি কারও লোক নন, পরীক্ষায় ভালো করেছেন এবং সেই কারণেই চাকরিটি তাঁর প্রাপ্য।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।