মাতারবাড়ী বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বের সঙ্গে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগ ও সিদ্ধান্তের বিস্তারিত জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই। জনগণও এমন সিদ্ধান্ত মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা স্পষ্টভাবে জানাতে হবে।

অতীতের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বার্থের কথা বলে আগে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তবে তাঁর দাবি, এসব উদ্যোগ থেকে বাংলাদেশ কার্যত কোনো সুফল পায়নি।

তিনি আরও বলেন, জাপান, চীন কিংবা অন্য কোনো বন্ধুরাষ্ট্র-যার সঙ্গেই চুক্তি বা সমঝোতা হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ দেখতে চায় না।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে সরকারের অবস্থান ও সিদ্ধান্তের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।