বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশে রাজনৈতিক সহিংসতার ১ হাজার ১৩টি ঘটনায় ৭৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ মিলিয়ে ৬ হাজার ৪৭৩ জন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ৩৪২টি ঘটনায় প্রাণ গেছে ৪০ জনের, আহত হয়েছেন ২ হাজার ৬৩২ জন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, মোট রাজনৈতিক সহিংসতার ৯৩১টি ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ এবং বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের সংঘাতকে কেন্দ্র করে। বিএনপি ও জামায়াতের মধ্যে ৩২১টি সংঘর্ষে ১১ জন নিহত এবং ২ হাজার ১৯০ জন আহত হয়েছেন। অন্যদিকে, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ৯৩টি সংঘর্ষে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন ৫৪৫ জন।

নিহত ৭৩ জনের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণে দেখা যায়, তাঁদের মধ্যে বিএনপির ৪৬ জন, জামায়াতের আটজন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন এবং চরমপন্থি দলের একজন সদস্য রয়েছেন। বাকি ১২ জন অন্যান্য দলের সদস্য অথবা তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

গণপিটুনিতে মৃত্যু রাজনৈতিক সহিংসতার চেয়ে বেশি

এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম নয় মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনি ও মব সহিংসতার ৩৯৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১৮৭ জন এবং আহত হয়েছেন ৪০১ জন। অর্থাৎ, রাজনৈতিক সহিংসতায় নিহতের তুলনায় গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা আড়াই গুণেরও বেশি।

প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার কারণ হিসেবে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, সংসদ নির্বাচন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা এবং বিভিন্ন দলের সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাড়িঘর, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং চাঁদাবাজিকেন্দ্রিক সহিংসতার ঘটনাও রয়েছে।

সংসদ নির্বাচনকেন্দ্রিক ৪০২টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত এবং ২ হাজার ৬২৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলা ও গ্রেপ্তারের চিত্র

রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও আটকের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, নয় মাসে বিভিন্ন দলের নেতাকর্মীদের নামে ২৭০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ৫ হাজার ৮০৯ জনের নাম উল্লেখ করে এবং ৩২ হাজার ৪৩৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ছাড়া সন্ত্রাস, নাশকতা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানে ৬৩ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

একই সময়ে ২৮৮টি ঘটনায় ৫১৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনায় ২০ জন সাংবাদিককে আটক করা হয়। সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ৫৮টি ঘটনায় ৪৩৯ জন আহত এবং ৪৬ জন আটক হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নয় মাসে কারাগারে ৯৫ জন আসামির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জন কয়েদি এবং ৫৫ জন হাজতি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি ও কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

সংখ্যালঘু, সীমান্ত ও শ্রমিক নির্যাতন

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫৬টি হামলার ঘটনায় ৬২ জন আহত হয়েছেন। এ সময়ে ২১টি মন্দির, ২০টি প্রতিমা এবং ৪৭টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৩টি হামলার ঘটনায় ১৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৪টি সহিংসতার ঘটনায় একজন নিহত, ছয়জন আহত, ছয়জন গুলিবিদ্ধ এবং ৮৩ জন আটক হয়েছেন।

শ্রমিক নির্যাতনের ৫৮২টি ঘটনায় নিহত হয়েছেন ১৪৫ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৬৩ জন। এ ছাড়া নয় মাসে ২ হাজার ৪০৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সার্বিক পরিস্থিতি নিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব ও গণপিটুনি, নারী-শিশু-সাংবাদিক নির্যাতন এবং সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি সতর্ক করে বলেন, এসব সমস্যার সমাধান না হলে দেশের মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।