দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ‘বাকশালিরা’ বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদেশে অবস্থানরত অপশক্তিও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের মানুষ বারবার ঐক্যবদ্ধ হবে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে। এছাড়া, বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে তবে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বারবার দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে।’
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে সেখানে ফাতেহা পাঠ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন উপস্থিত নেতারা।
এ সময় রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।