নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মহিলা দল: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের আমলে নারীদের ওপর নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন এমন নারীরাও নিপীড়নের শিকার হয়েছেন। নারীদের ওপর যারা আক্রমণ করে, তাদের কাপুরুষ আখ্যা দিয়ে তিনি বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।

বাঁধনের ওপর হামলার ঘটনাকে নারীর ওপর সহিংসতার একটি গুরুতর দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অতীতে নারী ও শিশুরা যে নিপীড়নের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদের কথাও তুলে ধরেন তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী

জ্বালানি সংকট নিয়েও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। কোনো একটি রাষ্ট্রের পক্ষে এককভাবে এ সংকট সমাধান করা সম্ভব নয়।

রিজভী বলেন, গ্যাসের সংকট ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সময়ের সঙ্গে সংকট কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া বৈদেশিক কর্মসংস্থান নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান নিয়ে যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।