ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই সিটির মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলো নিয়ে দলীয়ভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম দলীয় নেতাদের বিভিন্ন বিষয়ে সার্বিক দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের পাশে থাকার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি জোরদার এবং তা প্রতিরোধে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন এসসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এনসিপির এ প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রস্তুতি আরও আনুষ্ঠানিক রূপ পেল।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।