তারেক রহমানের কাছে ‘বিশেষ কার্ড’ চাইলেন আসিফ মাহমুদ, নেপথ্যে বড় সংকট?

দেশের চলমান পরিস্থিতিতে চাঁদাবাজি ও দুর্নীতিকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘চাঁদাবাজবিরোধী’ ও ‘দুর্নীতিবিরোধী’ বিশেষ কার্ড দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মনে করেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া এই ব্যাধি থেকে মুক্তি পেতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির নবগঠিত আংশিক কমিটির নেতাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এই তরুণ রাজনৈতিক নেতা।

সরকারের প্রশাসনিক দক্ষতার অভাব ও অর্থনৈতিক অব্যবস্থাপনার দিকে আঙুল তুলে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন কিংবা রাষ্ট্র পরিচালনায় পেশাদারিত্ব—কোনোক্ষেত্রেই তারা সফলতার পরিচয় দিতে পারেনি।’

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সরকার দাবি করছে দেশে পর্যাপ্ত তেলের মজুত আছে, অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেশের ইতিহাসে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে। এছাড়া ২০ হাজার কোটি টাকা ছাপানোর বিষয়টিকে সরকার যেভাবে পাশ কাটাতে চাইছে, তা হাস্যকর। এটাকে টাকা ছাপানো না বললে কি ফটোকপি বলা হবে?’

সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে এনসিপির মুখপাত্র বলেন, ‘আমরা এনসিপিকে একটি আদর্শিক ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের ওপর যারা আস্থা রাখবেন, তাদের প্রতিটি ভোটের সুরক্ষা নিশ্চিত করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে আমাদের শক্তিশালী পাহারাদার থাকবে, যাতে একটি ভোটও নষ্ট না হয়।’

দলের অন্তর্ভুক্তির বিষয়ে আসিফ মাহমুদ সাফ জানিয়ে দেন, এনসিপির দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকলেও নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য তা চিরতরে বন্ধ। তিনি বলেন, ‘গণহত্যাকারী, ফ্যাসিবাদের দোসর, সন্ত্রাসী এবং চাঁদাবাজ ছাড়া যেকোনো দেশপ্রেমিক নাগরিক আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা একটি স্বচ্ছ ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটিকে আন্দোলনের মাঠে সক্রিয় থাকার এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া