জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স। সংগঠনটির কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতা। তাঁদের মধ্যে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সারজিস আলম। বাকি তিনজন হলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং দলটির নেতা আরমান হোসাইন।আজ সোমবার এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় আংশিক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি জানানো হয়।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স মূলত দলটির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. সালমান হোসেন ও হাসিবুল হাসান গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।ঘোষিত আংশিক কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।নতুন এই সংগঠনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংগঠিত করার পাশাপাশি তাঁদের অধিকার ও মর্যাদার বিষয়গুলো সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।