চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।
তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আক্তার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
ড. খন্দকার মোশাররফের দ্রুত সুস্থতা, নিরাপদ যাত্রা ও সফল চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন নাঈমা খন্দকার।
উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।