জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতা ইশরাক হোসেন। নাহিদের করা ‘ফৌজদারি অপরাধ’-এর অভিযোগের জবাবে তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেছেন। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা লেখেন ইশরাক। এর আগে বিকেলে রাজধানীর বাড্ডায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন এবং তাঁর বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থা নেওয়া উচিত।
নাহিদের বক্তব্যের জবাবে ইশরাক লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’
তরুণ প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’
নিজের মাদকবিরোধী উদ্যোগের প্রতি জনসমর্থন রয়েছে বলেও দাবি করেন ইশরাক। তিনি জানান, এ বিষয়ে এক তরুণের ফোন পেয়েছেন এবং বহু মানুষ মাদকের বিস্তারের বিরুদ্ধে তাঁর উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন।
এনসিপির ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইশরাক লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’
নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’
স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন ইশরাক। তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।