জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এখানে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে এক মুহূর্তের জন্যও আশ্রয় নিতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারারাত ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা। দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ককটেল হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ছাড়া জুলাইয়ের একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসন চান, তাঁরা কী বলবেন? আওয়ামী লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ লেখেন, একটি দল গণহত্যা চালিয়ে মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। সেই হত্যাকাণ্ডের রক্তের দাগ এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির রক্তের তৃষ্ণা মেটেনি বলে মন্তব্য করেন তিনি।
তাঁর অভিযোগ, আবারও রক্ত ঝরানোর উদ্দেশ্যে দলটির নেতাকর্মীরা লগি-বৈঠা, দা ও কুড়াল হাতে রাস্তায় নেমেছেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।