দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে গণভোটের গণরায় উপেক্ষা এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জরুরি অধ্যাদেশগুলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এনসিপি নেতৃবৃন্দের দাবি, রাষ্ট্র সংস্কারের জন্য যে সকল অধ্যাদেশ জনস্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেগুলো বাতিল করে সরকার জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করছে। বিশেষ করে গণভোটের মাধ্যমে উঠে আসা জনগণের সুস্পষ্ট রায়কে পাশ কাটিয়ে যাওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আজকের এই সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের এই সকল পদক্ষেপের বিপরীতে এনসিপি তাদের অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সংস্কার ইস্যুতে এনসিপির মতো রাজনৈতিক শক্তিগুলোর সাথে সরকারের এক ধরণের টানাপোড়েন চলছিল। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিলের বিষয়টি এই দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের প্রতি কোনো আল্টিমেটাম বা কড়া হুঁশিয়ারি দেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া