৪০ পেরোলেই স্ট্রোকের ঝুঁকি কমাতে করুন এই ৩ ব্যায়াম

স্ট্রোক একটি গুরুতর চিকিৎসাজনিত জরুরি অবস্থা। যেকোনো সময় এটি ঘটতে পারে এবং অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা তৈরি করতে পারে। এমনকি সময়মতো চিকিৎসা না পেলে প্রাণহানিও ঘটতে পারে। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ৪০ বছর বয়সের পর দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, হাঁটা, শক্তিবর্ধক ব্যায়াম ও যোগব্যায়াম এই তিন ধরনের শরীরচর্চা নিয়মিত করলে সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে এবং স্ট্রোকের কয়েকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।

হাঁটা

শরীর সুস্থ রাখার সবচেয়ে সহজ ও কার্যকর শরীরচর্চার একটি হলো হাঁটা। এর জন্য বিশেষ কোনো সরঞ্জাম বা বাড়তি খরচের প্রয়োজন হয় না। সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটলে মোট ১৫০ মিনিট শারীরিক পরিশ্রমের লক্ষ্য পূরণ করা সম্ভব।

নিয়মিত হাঁটলে রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। পাশাপাশি হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখে।

শক্তিবর্ধক ব্যায়াম

৪০ বছর বয়সের পর পেশি ও হাড়ের শক্তি ধরে রাখতে শক্তিবর্ধক ব্যায়াম গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের মেনোপজের পর হাড় ও পেশির ক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে অন্তত দুই দিন এ ধরনের ব্যায়াম করা উচিত। ওজন তোলা, রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার কিংবা নিজের শরীরের ওজন কাজে লাগিয়ে বিভিন্ন ব্যায়াম করা যায়। এসব ব্যায়াম পেশি ও হাড়ের শক্তি ধরে রাখার পাশাপাশি ওজন এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে।

যোগব্যায়াম

যোগব্যায়াম শরীরের নমনীয়তা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এতে শরীরের সন্ধিতে তুলনামূলক কম চাপ পড়ে। কিছু গবেষণায় নিয়মিত যোগব্যায়ামের সঙ্গে রক্তচাপ সামান্য কমার সম্পর্ক পাওয়া গেছে।

তবে স্ট্রোকের ঝুঁকি কমানোর ক্ষেত্রে যোগব্যায়াম হাঁটা বা অন্যান্য শারীরিক পরিশ্রমের বিকল্প নয়। বরং অন্যান্য ব্যায়ামের পাশাপাশি যোগব্যায়াম করলে সামগ্রিকভাবে উপকার পাওয়া যেতে পারে।

স্ট্রোকের ঝুঁকি কমাতে আরও যা করবেন

নিউরোলজিস্টদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহের অধিকাংশ দিন হাঁটা, অন্তত দুই দিন শক্তিবর্ধক ব্যায়াম এবং সকালে কিংবা ঘুমানোর আগে যোগব্যায়াম করা যেতে পারে।

তবে শুধু শরীরচর্চা করলেই স্ট্রোকের ঝুঁকি পুরোপুরি দূর হয় না। এ জন্য নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, খাবারে লবণের পরিমাণ কমানো, তামাক বর্জন এবং হৃদস্পন্দনের অনিয়ম থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

এ ছাড়া হঠাৎ মুখের এক পাশ বেঁকে যাওয়া, হাত বা পা দুর্বল হয়ে পড়া কিংবা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে। স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জীবন বাঁচাতে এবং দীর্ঘমেয়াদি ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।