রুপালি ইলিশ চিনবেন যেভাবে

ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বাঙালির খাদ্যসংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে থাকা এই মাছের চাহিদা দেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা ও আসামেও ব্যাপক। প্রজননের জন্য ইলিশ সাগর থেকে বাংলাদেশের নদ-নদীসহ পূর্ব ভারতের বিভিন্ন নদীতে আসে।

ইলিশের চড়া দাম ও বাজারে ব্যাপক চাহিদার কারণে আসল ইলিশের পরিবর্তে চন্দনা ও সুরমা মাছ বিক্রির অভিযোগ রয়েছে। দেখতে কিছুটা মিল থাকায় অনেক ক্রেতা এসব মাছকে ইলিশ ভেবে কিনতে পারেন। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁয় রান্না করা মাছ পরিবেশনের সময় আসল ইলিশের সঙ্গে অন্য মাছের পার্থক্য বোঝা আরও কঠিন হয়ে পড়ে।

আসল ইলিশ চেনার ৩টি লক্ষণ

১. দেহের গঠন: আসল ইলিশের পেটের অংশ তুলনামূলক মোটা হয়। অন্যদিকে মাথা ও লেজের দিকে শরীর ক্রমশ সরু হয়ে আসে।

২. মাথার আকৃতি: ইলিশের মাথা সাধারণত লম্বাটে এবং সামনের অংশ কিছুটা সূচালো। কানকোর কাছ থেকে মাথা চওড়া হতে শুরু করে।

৩. লেজ ও পাখনা: আসল ইলিশের লেজ ইংরেজি ‘V’ অক্ষরের মতো গভীরভাবে চেরা থাকে। এর পাখনা ও লেজ সাধারণত পরিষ্কার এবং সাদাটে দেখায়।

কেনার সময় যা খেয়াল রাখবেন

বাজার থেকে মাছ কেনার সময় সম্ভব হলে কাটা মাছের পরিবর্তে আস্ত ইলিশ বেছে নেওয়া ভালো। কেনার আগে মাছের দেহের গঠন, রং, গায়ের দাগ, মাথা ও লেজের আকৃতি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। শুধু বাহ্যিক মিল দেখে মাছ কেনার সিদ্ধান্ত না নিয়ে একাধিক বৈশিষ্ট্য মিলিয়ে দেখুন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।