রাতে ঘুম না এলে যেসব কাজ করা উচিত নয়

বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছেন, অথচ ঘুম আসছে না? কিংবা মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুমাতে পারছেন না? অনিদ্রা বা ইনসমনিয়া এমন একটি সমস্যা, যাতে জীবনের কোনো না কোনো সময়ে অনেকেই ভোগেন। কারও ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে।

বয়স বৃদ্ধি, বারবার প্রস্রাবের চাপ, মেনোপজ, রাতের পালায় কাজ করা এবং দুশ্চিন্তাসহ বিভিন্ন কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, তা জানার পাশাপাশি ঘুম না এলে কী করা উচিত এবং কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা দরকার, সেটিও গুরুত্বপূর্ণ। বিবিসির ‘ইনসাইড হেলথ’ অনুষ্ঠানে বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে এ বিষয়ে বেশ কিছু পরামর্শ।

ঘুম না এলে বিশেষজ্ঞরা কী করেন?

সাসেক্স বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. ফেইথ অর্চার্ড বলেন, দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতার কারণে ঘুম না এলে তিনি বই পড়তে শুরু করেন। এতে মন কিছুটা শান্ত হলে ঘুমের প্রস্তুতি নেওয়া সহজ হয়।

লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালের স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ও ব্রিটিশ স্লিপ সোসাইটির প্রেসিডেন্ট ড. অ্যালি হেয়ার জানান, স্বামীর নাক ডাকা বা বারবার পাশ ফেরার কারণে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটলে তিনি অন্য ঘরে গিয়ে ঘুমান। ঘুমের সমস্যার এই সমাধানকে অনেকে ‘স্লিপ ডিভোর্স’ বলে থাকেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্লিপ মেডিসিন বিভাগের অধ্যাপক কলিন ইসপির পরামর্শ হলো, বিছানায় শুয়ে দীর্ঘ সময় ঘুমের চেষ্টা করেও ঘুম না এলে উঠে অন্য কোনো শান্ত কাজ করা যেতে পারে। পরে ঘুম ঘুম ভাব এলে আবার বিছানায় ফিরতে হবে।

অনিদ্রার লক্ষণ কী?

অধ্যাপক ইসপির মতে, ঘুমের সমস্যা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘস্থায়ী অনিদ্রার ক্ষেত্রে কয়েক মাস ধরে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

ড. অর্চার্ডের ব্যাখ্যা অনুযায়ী, ঘুম আসতে দেরি হওয়া অনিদ্রার একটি লক্ষণ। এ ছাড়া মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার ঘুমাতে না পারা কিংবা ভোরে ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম না আসাও এর উপসর্গ হতে পারে।

ড. হেয়ারের মতে, সপ্তাহে অন্তত তিন রাত ঘুমের সমস্যা হলে, তা তিন মাসের বেশি স্থায়ী হলে এবং এর কারণে দিনের কাজকর্মে প্রভাব পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কেন ঘুমের ব্যাঘাত ঘটে?

বিশেষজ্ঞদের মতে, দুশ্চিন্তা ও উদ্বেগ অনিদ্রার অন্যতম কারণ। মস্তিষ্কে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা চলতে থাকলে শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হলেও মন সক্রিয় থাকতে পারে। ফলে ঘুম আসতে দেরি হয়।

অধ্যাপক ইসপি বলেন, বিপদ বা সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক থাকার প্রবণতা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক বৈশিষ্ট্য। উদ্বেগের সময় এই সতর্কতা বেড়ে গিয়ে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

দীর্ঘস্থায়ী অসুস্থতা, তীব্র ব্যথা, হতাশা ও অন্যান্য মানসিক সমস্যাও ঘুমে প্রভাব ফেলতে পারে বলে জানান ড. হেয়ার।

বয়স বাড়ার সঙ্গে শরীরের জৈবিক ঘড়িতেও পরিবর্তন আসে। ফলে ঘুমের সময়, গভীরতা ও স্থায়িত্ব বদলে যেতে পারে। এ ছাড়া জিনগত বৈশিষ্ট্য এবং প্রতিদিনের ঘুম ও জেগে ওঠার সময়ের ওপরও ঘুমের ধরন নির্ভর করে।

দিনের বেলা বা বিকেলে দীর্ঘ সময় ঘুমালে রাতের ঘুমে সমস্যা হতে পারে। তাই নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলাকে বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়েছেন।

ঘুম না এলে কী করবেন?

অধ্যাপক ইসপির মতে, ঘুমানোর জন্য জোর করে চেষ্টা করলে উল্টো মানসিক চাপ বাড়তে পারে। ‘এখনই ঘুমাতে হবে’ এমন চিন্তা ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তাই ঘুম না এলে অস্থির না হয়ে কিছুক্ষণ শান্ত থাকার পরামর্শ দেন তিনি।

ড. অর্চার্ড নিয়মিত একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। ঘুমানোর জন্য নির্দিষ্ট জায়গা ব্যবহার করাও সহায়ক হতে পারে। তাঁর পরামর্শ, বিছানায় বসে কাজ করা বা সোফা-চেয়ারে নিয়মিত ঘুমিয়ে পড়ার অভ্যাস এড়িয়ে চলা ভালো।

ড. হেয়ারের মতে, বিছানায় শুয়ে ঘুম না এলে উঠে শান্ত কোনো কাজ করা যেতে পারে। ঘুম ঘুম ভাব ফিরে এলে আবার বিছানায় যেতে হবে।

ঘুমের ওষুধ কি সমাধান?

বিশেষজ্ঞরা অনিদ্রার চিকিৎসায় শুধু ওষুধের ওপর নির্ভর না করে চিন্তাভাবনা ও আচরণের ধরন পরিবর্তনে সহায়তাকারী থেরাপির ওপর গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া (সিবিটি-আই)।

ড. হেয়ারের ভাষ্য অনুযায়ী, এ ধরনের থেরাপিতে অনেক রোগী উপকৃত হন। অধ্যাপক ইসপিও মনে করেন, কিছু ক্ষেত্রে ঘুমের অভ্যাস ও ঘুম সম্পর্কে চিন্তাভাবনা পরিবর্তনের চিকিৎসা পদ্ধতি কার্যকর হতে পারে।

এ ছাড়া ‘স্লিপ রেস্ট্রিকশন থেরাপি’ নামে একটি পদ্ধতি রয়েছে। এতে ব্যক্তির ঘুমের ধরন অনুযায়ী বিছানায় থাকার সময় সমন্বয় করা হয়। তবে এ ধরনের পদ্ধতি প্রশিক্ষিত চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শে অনুসরণ করা উচিত।

ম্যাগনেসিয়াম বা মেলাটোনিন গ্রহণে কেউ কেউ উপকার পাওয়ার কথা বললেও, এসবের কার্যকারিতা সব ক্ষেত্রে নিশ্চিত নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।

মোবাইলের পর্দা, মেনোপজ ও অ্যালকোহলের প্রভাব

ঘুমানোর আগে মোবাইল, কম্পিউটার বা টেলিভিশন ব্যবহারের প্রভাব নির্ভর করতে পারে কী দেখা হচ্ছে এবং তা মানসিক অবস্থায় কী ধরনের প্রভাব ফেলছে তার ওপর। উত্তেজনাপূর্ণ বা উদ্বেগ বাড়ায় এমন বিষয় দেখলে ঘুম আসতে দেরি হতে পারে।

ড. হেয়ারের মতে, মেনোপজের সময় হরমোনের পরিবর্তন, হট ফ্ল্যাশ এবং মেজাজের ওঠানামা নারীদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এ সময় পারিবারিক ও অন্যান্য মানসিক চাপও প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, অ্যালকোহল ঘুমের স্বাভাবিক ধাপগুলোতে পরিবর্তন আনতে পারে। এটি বারবার প্রস্রাবের চাপ বাড়াতে পারে এবং পেশি শিথিল করার কারণে নাক ডাকার প্রবণতাও বাড়াতে পারে।

রাতের পালায় কাজ করা ব্যক্তিদের ক্ষেত্রেও ঘুমের রুটিন ঠিক রাখা গুরুত্বপূর্ণ। যেদিন রাতের পালায় কাজ থাকে না, সেদিন নিয়মিত ঘুমের সময় বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী ছোট বিরতিতে ঘুমিয়ে নেওয়া সহায়ক হতে পারে।

দীর্ঘদিন ঘুমের সমস্যা চলতে থাকলে বা দিনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। ঘুমের অভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি সমস্যার মূল কারণ শনাক্ত করাও জরুরি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।